বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
দেশব্যাপী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ফসিল ফুয়েল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পে বিনিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ করেছে চরাঞ্চলের নারীরা।
আজ মঙ্গলবার সকালে মহানগরীর পদ্মাপাড়ে বড়কুঠি এলাকায় এই বিক্ষোভ করে চরাঞ্চলের নারীরা।
পরিবর্তন রাজশাহী, ‘ক্লিন’ এবং ‘বিডাব্লিউজিইডি’ এর যৌথ উদ্যোগে, এডিবির ৫৮তম বার্ষিক সভার প্রাক্কালে রাজশাহীতে আয়োজিত হয় এই কর্মসূচি। এতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার চরাঞ্চলের নারীরা অংশ গ্রহন করে।
এসময় বক্তব্য দেন পদ্মা পাড়ের বাসিন্দা পিয়া খাতুন, নাগরিক নেতা পঙ্কজ কর্মকার, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও সোমা হাসান।
বক্তাগণ বলেন, বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাচ্ছে, তখন এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগ জলবায়ু সংকট আরও ঘনীভূত করছে এবং বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিপদ বাড়াচ্ছে।
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি আবশ্যক। ফসিল ফুয়েলের উপর নির্ভরতা দেশের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ব্যাহত করছে।
এডিবিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের আহ্বান জানান।