বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
‘সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য’ এই প্রতিপাদ্যে বিভাগীয় মহানগরী রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মো. আব্দুল হালিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আইয়ুব আলী।
বিভাগীয় কমিশনার বলেন, অনেক ক্ষেত্রে উপাত্তের চেয়ে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ হয়। এ প্রসঙ্গে চলমান টিকাদান ক্যাম্পেইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ক্যাম্পেইন উপলক্ষে কতগুলো অ্যাডভোকেসি সভা হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কত জন শিশু এ ক্যাম্পেইন থেকে টিকা পেল। এসময় তিনি যে কোনো কাজের উদ্দেশ্য অনুধাবন করে সে অনুসারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আরএমপির অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।