বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারি আর নাই পারি পবা-মোহনপুরবাসীর জন্য কাজ করে যাবো বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন বিএনপি ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের আয়োজনে কলার টিকর স্কুলমাঠ প্রাঙ্গণে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ সচেতনতামূলক প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পবা-মোহনপুর এলাকায় যতদিন না পর্যন্ত রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হবে ততদিন পর্যন্ত জীবন বাজি রেখে কাজ করে যাবো। এছাড়াও খারাপ ব্যক্তিরা আর বিএনপি’র সাথে থাকতে পারবে না। এর উজ্জল দৃষ্টান্ত বিভিন্ন অপকর্ম ও দলীয় শৃংখলা ভঙ্গের কারণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত হাজার নেতাকে বহিস্কার করেছেন। এ থেকেই প্রমানীত কোন অন্যায়কারীর বিএনপিতে ঠাঁই নাই। সবশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ।
প্রচারণা সভায় দামকুড়া ইউনিয়ন বিএএনপি’র আহ্বায়ক এনামুল হক কনকের সভাপতিত্বে এবং সদস্য সচিব নওসাদ মেম্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।