বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে মহানগরীর গণকপাড়া মোড়ে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির এ্যাড. আবু ইউসুফ মুহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। সমাবেশে সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম দিন ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করেছিল ছয় নেতাকর্মীকে। ২৮ অক্টোবরের পৈশাচিকতা বিশ্ব বিবেককে আঘাত দিয়েছে। নাড়া দিয়েছে বিবেকবান সকল মানুষকে। রাজনৈতিক সমাবেশ ভুন্ডুল করার জন্য প্রকাশ্য দিবালোকে এভাবে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার ঘটনা বিরল। যা এখনো হাজার হাজার মানুষকে কাঁদায়। এই সকল নৃশংস হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতেই হবে।‘