বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
বিশ্ব সংগীতের ইতিহাসে যাঁর নাম জুড়ে আছে অমরত্বের ছোঁয়া—তিনি পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তাঁর জীবন নিয়ে নির্মিত হচ্ছে একটি নতুন বায়োপিক, নাম ‘মাইকেল’। দুই দিন আগে মুক্তি পেয়েছে ছবিটির টিজার, আর সেটিই পূর্বের সকল রেকর্ড ভেঙে গড়েছে এক অবিশ্বাস্য রেকর্ড। মাত্র ২৪ ঘণ্টায় টিজারটি দেখেছেন একশো ষোলো দশমিক দুই মিলিয়ন মানুষ।
বিশ্বের ইতিহাসে কোনো মিউজিক্যাল বায়োপিক টিজার এত দ্রুত এত ভিউ পায়নি। প্রকাশের পরই এটি ঝড় তোলে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ মুগ্ধ হয়েছেন, কেউ আবার তুলনা করেছেন বাস্তব মাইকেলের সঙ্গে। ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। টিজারে তাঁকে দেখা গেছে মাইকেলের বিখ্যাত নাচ ও স্টাইল নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। নির্মাতা হলিউডের জনপ্রিয় পরিচালক অ্যান্টনি ফুকো, প্রযোজনায় লায়নসগেট।
ছবিটিতে আরও অভিনয় করেছেন— মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়া লং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন এবং কিশোর মাইকেলের ভূমিকায় জুলিয়ানো ক্রু ভ্যালদি। ‘মাইকেল’ সিনেমায় থাকছে সংগীতের বাইরেও মাইকেল জ্যাকসনের অজানা গল্প—কীভাবে ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের এক তরুণ প্রতিভা হয়ে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনশিল্পী। দেখা যাবে তাঁর সোনালি সময়, পারিবারিক সম্পর্ক আর মঞ্চের বাইরের সংগ্রামও।
আগামী সপ্তাহ থেকে টিজারটি বড় পর্দায়ও দেখা যাবে। ভক্তদের প্রত্যাশা—এই সিনেমা হয়তো আবার ফিরিয়ে আনবে মাইকেল জ্যাকসনের যাদু আরো একবার বাজবে সেই পরিচিত ছন্দ.