বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহী ওয়াসার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।
আজ রোববার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন কর্মচারীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী ও মাস্টার রোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০–২৫ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন। স্থায়ীকরণের দাবিতে হাইকোর্টে রিট (নং-৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের কর্মচারীদের পক্ষে রায় দেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীকে স্থায়ীকরণ সম্পন্ন হয়। এছাড়া খুলনা ওয়াসা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিস আদেশের মাধ্যমে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদাহরণও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। অনুরুপভাবে রাজশাহী ওয়াসার কর্মচারীদের দ্রুত হাইকোর্টের রায়ের আলোকে নিয়মতান্ত্রিকভাবে স্থায়ীকরণ করার দাবি জানানো হয়।
আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলন বা কর্মবিরতীতে যাবেন বলে নেতৃবৃন্দ হুঁ*শিয়ারী দেন। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।