বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এর প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলংকা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক– সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি-এর মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা বলেছেন, ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে।
কর্তৃপক্ষ বলেছে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।
দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থান করা শ্রীলংনদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে সরকার।