বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা হাবিবুর রহমানকে মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর শাখার সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রমানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর সেক্টর ফোরাম সভাপতি শাহজাহান আলী বরজাহান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য এ্যাডঃ মতিউর রহমান, সাবেক মহানগর কমান্ডার মহাম্মাদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ও বীর মুক্তিযোদ্ধা হাকিম আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধাগন।
অনতিবিলম্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা হাবিবুর রহমানকে মারপিটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, যাদের ত্যাগ ও আত্মদানের বিনিময়ে আমরা স্বাধীন এই বাংলাদেশ পেয়েছি আজ তারাই দেশের বিভিন্ন জায়গায় হত্যা, গুম ও মারপিটের স্বীকার হচ্ছে।
এ রকম অবস্থা চলতে দেওয়া যায় না, আমরা চলতে দিতে পারি না, প্রয়োজনে আমরা আবার রক্ত দিবো কিন্তু এদেশের মাটিতে কখনও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান হতে দিব না।